এটি হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র যার নির্মানব্যায় ৪৫০ কোটি রুপি। ছবিতে নায়ক চরিত্রে রয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। সঙ্গে অ্যান্টিহিরোর চরিত্রে বলিউডের অক্ষয় কুমার। ধুম ধারাক্কা অ্যাকশনের ভাঁজে ভাঁজে সায়েন্স ফিকশন। বলছিলাম ভারতের অন্যতম প্রতীক্ষিত ছবি “২.০” নিয়ে যেটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত “রোবট” এর পরবর্তী পর্ব। ছবিটিতে পূর্বের পর্বের মত নেই ঐশ্বরিয়া রায় বচ্চন, তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যামি জ্যাকসন।
ছবির অ্যান্টি হিরোর চরিত্রে ভাবা হয়েছিলো অনেকের নাম! এই তালিকায় ছিলেন কমল হাসান, আমির খান, দক্ষিণের বিক্রম, হৃতিক রোশন, নীল নিতি মুকেশ থেকে শুরু করে আর্নল্ড শোয়ার্জনেগার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর রিচার্ড নামক এই রোলটি জোটে অক্ষয় কুমারের ভাগ্যে। ছবিটিতে একটি কিংবা দুটি নয়, ১২ টির মত ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন অক্ষয়।
তামিল ছবিতে ভিজিলান্তে সিনে-ধারা প্রবর্তক এস শঙ্করের ক্যারিয়ারের ঝুলিতে যেমন রয়েছে জেন্টলম্যান, ইন্ডিয়ান, নায়ক, জিন্সের মত ড্রামা-থ্রিলার-কমেডি জেনারের ছবি, তেমনিভাবে রয়েছে আই, রোবট ১ এর মত বিজ্ঞানভিত্তিক উচ্চ বাজেটের সব ছবি। ও হ্যা, রজনীকান্তের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ছবি ‘শিবাজী দ্য বস’ এবং থ্রি ইডিয়টসের তামিল রিমেক ‘নানবান’ এই পরিচালকেরই নির্মান।
ছবির কারিগরি দিক আলাদাভাবে আলোচনার দাবী রাখে। সাধারনত থ্রি-ডি চলচ্চিত্রগুলো টু-ডি ক্যামেরা দিয়ে দৃশ্যবন্দী করে পরে সেটিকে স্টুডিওতে থ্রিডিতে পরিবর্তন করা হয়। কিন্তু ‘২.০’ পুরো ছবিটিই দুটো থ্রিডি ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে। চলচ্চিত্র দুনিয়ার সেরা সব টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে ছবিটির সাথে। লাইফ অব পাই, থ্রি হান্ড্রেড সিনেমার ভিএফএক্স দলটি কাজ করেছে এই ছবিটির সাথে। সুপারগার্ল, ডেয়ারডেভিলের মত ছবি করে হাত পাকানো হলিউডের কষ্টিউম ডিজাইনার রোর রড্রিগুয়েজও রয়েছেন ছবিটির সাথে। ছবিটির শ্যুটিং সেটে মোবাইল আনার ব্যাপারে এক রকমের নিষেধাজ্ঞাই নাকি ছিলো পরিচালকের তরফ থেকে। এমনকি সেট থেকে কোন রকম সেলফিও যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির অভিনেতা অভিনেত্রীরা দিতে না পারে সেটা নাকি ছবির চুক্তিতে উল্লেখ ছিলো।
ছবিটির বিপনন বা প্রচার বাজেট হিসেবে ধরা হয়েছে ৫০ কোটি রুপি যা দিয়ে বলিউডে একটা তারকাখচিত আস্ত ছবি নির্মান করা সম্ভব। টাকার খেলা এখানেই শেষ নয়, গেলো বছরের অক্টোবরে চলচ্চিত্রটির অডিও রিলিজ হয়েছে দুবাইতে যেখানে এক অনুষ্ঠানেই খরচ করা হয়েছে ১২ কোটি রুপি! দুবাইয়ের ব্রুজ খলিফা তখন ঢেকে গিয়েছিলো অক্ষয় আর রজনীকান্তের মুখ অঙ্কিত ছবিটির পোষ্টারে। ছবিটির সঙ্গীত পরিচালক এ আর রহমান এটিকে তার ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ বলে জানিয়েছেন।
তামিল, তেলেগু, হিন্দী ছাড়াও ছবিটি বিশ্বব্যাপি আরও ১২ টি ভাষায় মুক্তি পাবে। সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ‘রোবট ২.০’ মুক্তির তারিখ এ নিয়ে বেশ কবার পেছালো। প্রথমে ২০১৭ এর দীপাবলিতে, এরপর চলতি বছরের জানুয়ারীতে, সবশেষ এবছরের এপ্রিলে ছবিটির মুক্তির তারিখ দেয়া হয়। তবে ছবির টিজার ট্রেলার কিছুই অনলাইনে এখনো পর্যন্ত উন্মুক্ত না হওয়ায় ছবিমুক্তির সর্বশেষ তারিখটিও পরিবর্তিত হবার একটা সমূহ সম্ভবনা দেখা যাচ্ছে।
সবুরে মেওয়া ফলে! দক্ষিনী সিনেমা, রজনীকান্ত এবং অক্ষয় ভক্তদের অপেক্ষার প্রহর খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে । ছবিটির সামনে বাহুবলী ২, দঙ্গলের মত ছবিগুলোর আয়কে টক্কর দেয়া, পেরিয়ে যাওয়ার হাতছানি। ৪৫০ কোটি বাজেটের নির্মিত ছবিটির সর্বাধিক নির্মানব্যায়ের সঙ্গে সঙ্গে সর্বাধিক আয়ের রেকর্ডটিও তৈরি করার আশাবাদ একদমই অমূলক নয়।

