সাক্ষাতকারে সিনেম্যান সাকিব

সারাদিন সিনেমার পোকা মাথায় নিয়ে ঘুরে বেড়ান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স পাশ করা ছেলেটি তার ক্যাম্পাসে এবং সিনেমার অনলাইন গ্রুপগুলোতে সমান জনপ্রিয় ছবি নিয়ে লেখালেখির জন্য। বলছিলাম সৈয়দ নাজমুস সাকিব এর কথা। এবারের বইমেলায় প্রকাশ পাচ্ছে তার প্রথম বই ‘সিনেম্যান’। একুশে বইমেলা লেখক আড্ডার মুখোমুখি হলেন সাকিব।

প্রশ্ন: নিজেকে দুই লাইনে বর্ণনা করুন?

সাকিব: দুই লাইন অনেক বেশি হয়ে যায় আমার মতো ছোটখাটো মানুষের জন্য! তার চেয়ে এক শব্দে বলি? Alive!

প্রশ্ন: সুপারম্যান-ব্যাটম্যানরা উড়তে পারে, আপনার বই ‘সিনেম্যান’ এর বিশেষ ক্ষমতা কি?

সাকিব: সুপারম্যান, ব্যাটম্যান উড়তে পারে তার তাদের অন্তর্বাস প্যান্টের বাইরে পরা থাকে, আমার সিনেম্যানের ক্ষেত্রে সেই জিনিসটা নেই। আমার সিনেম্যান একজন সাধারণ মানুষকে অভিনেতা, অভিনেত্রী বা সর্বোপরি সিনেমা সম্পর্কে আগ্রহী করে তুলতে পারে, এমনকি সেই মানুষটা সিনেমা পছন্দ না করলেও- সেটাই তার বিশেষ ক্ষমতা।

প্রশ্ন: পাঠকরা কি পাচ্ছে ‘সিনেম্যান’ এর পুরো প্যাকেজটাতে?

সাকিব: দেশ বিদেশের অনেক অসাধারণ অভিনেতা আর অভিনেত্রীদের বায়োগ্রাফি। তাদের জীবনের সংগ্রাম, চড়াই –উতরাই , তাদের সাফল্য- সব। নতুন বেশ কিছু তথ্য সহকারে।

প্রশ্ন: লেখালেখির শুরুটা কিভাবে?

সাকিব: কাছের বন্ধু তানভির সাদ ‘সামু ব্লগে’ একদিন আইডি খুলে দিয়ে বলেছিল, তুই লেখ, তোকে দিয়ে হবে। আমি তখন কিচ্ছু জানিনা, কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়। যেদিন আইডি খুলে দেয়, সেদিন ঘেঁটুপুত্র কমলা সিনেমা দেখে এসেছিলাম, সেটা নিয়েই লিখি। এরপরে ফেসবুকে অনেক সিনেমার গ্রুপে জুক্ত হই, এভাবেই লেখালেখি বাড়ে। তারপর থেকে তো চলছে! প্রায় পাঁচ বছর ধরে ফেসবুকে, ব্লগে, অনলাইন পত্রিকায় সিনেমা নিয়ে লিখছি।

প্রশ্ন: এর আগে কোন বই লেখা হয়েছে?

সাকিব: নাহ। এটাই আমার প্রথম বই। প্রথম বইটাই শেষ বই হবে কিনা সেটা পাঠকদের রেসপন্সের পর বুঝা যাবে (হাসি)

প্রশ্ন: ব্যক্তিজীবনে সাকিব কি পেশায় নিয়োজিত?

সাকিব: রেডিওতে আরজে হিসেবে কাজ করেছি দেড় বছরের কাছাকাছি। মাঝে টিভিতেও কিছুদিন কাজ করেছিলাম ক্যামেরার পেছনে। ‘দেয়াল’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করেছি যা ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ইউটিউব এ মুক্তি পায়। টিভিসিও করেছি একটি। ২০১৬ সালে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স পাশ করেছি। আপাতত কিছু করছি না। শিক্ষক হিসেবে কাজ করার ইচ্ছা সামনে, আর এর পাশাপাশি লেখালেখি আর ক্যামেরার সামনে কাজ চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা আছে। ফারহান আখতারের মতো একসাথে অনেক কাজ করতে ইচ্ছে করে! (হাসি)

15540684_342100749493963_2033872195457033735_o

‘দেয়াল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেন সাকিব যা ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ইউটিউব এ মুক্তি পায়।

প্রশ্ন: আপনাকে অনলাইনে শুধু সিনেমা নিয়েই লিখতে দেখা যায়। লাইনকে লাইন দীর্ঘ সব পোষ্ট, সবটাই সিনেমা নিয়ে। সিনেমার প্রতি এত প্রেম এলো কিভাবে?

সাকিব: আসলে শুধু সিনেমা না, অন্য জিনিস নিয়েও লিখেছি। তিন চারটি ছোট গল্পও লেখা আছে আমার যেগুলো অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। মাঝে মাঝে দেশের সমস্যা, দেশের মানুষের সাফল্য, রাজনীতি নিয়েও টুকটাক লেখার চেষ্টা করি। তবে সিনেমা জিনিসটার প্রতি এত প্রেম যে আসলে কীভাবে আসলো নিজেও জানিনা। আমি আসলে সিনেমা দেখতে প্রচণ্ড ভালোবাসি। সিনেমা নিয়ে লিখে প্রচুর আনন্দ পাই। আট ঘণ্টা বসে চার্লি চ্যাপলিনের উপরে বিরাট লেখাও লিখেছি- শুধুই সিনেমার প্রতি ভালোবাসার কারণে। কেও যদি এসে আমাকে বলে- সাকিব, তোমার লেখা কিচ্ছু হয় না, তুমি সিনেমা কিচ্ছু বুঝ না- আমি একটু গাঁইগুই করে মেনে নিব হয়ত। কিন্তু কেও যদি বলে- সাকিব, তুমি সিনেমা ভালোবাসো না- তাহলে আমি সেটা জীবনেও মেনে নিব না। ইভেন আমি এটা ভাবতে ভালোবাসি- খুব কম মানুষই আমার মতো সিনেমাকে ভালোবাসে। সিনেমা ছোটবেলা থেকেই ভালো লাগতো। কিন্তু ছোটবেলায় টিভি দেখার সময় ছিল আধা ঘণ্টা, এর বেশি এক সেকেন্ড না। ভার্সিটি উঠার পরে নিজের কম্পিউটার হল, এরপরে আস্তে আস্তে দেখা শুরু করলাম। ২০১২ সাল থেকে নিয়মিত সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি। সিনেমা হলে সিনেমা শুরু হলে আমার শুধু পর্দার দৃশ্যগুলোকে সত্যি মনে হয়, বাকি সব মেকি লাগে। ফেসবুকের সিনেমার গ্রুপদের লোকজনের মাধ্যমে বাংলা, হিন্দি, ইংরেজি বাদেও অনেক দেশের সিনেমা সম্পর্কে জানতে পারলাম আস্তে আস্তে। সব সিনেমা দেখতাম, দেখি আর মৃত্যুর আগ পর্যন্ত দেখব। আমার ক্যান জানি মনে হয় একদিন সিনেমা দেখা অবস্থায়ই আমি মারা যাব আর সেটা হবে আমার সবচেয়ে আনন্দের মৃত্যু (হাসি) আমার যেকোনো জাগতিক যন্ত্রণা আমি সিনেমা দেখলে ভুলে যাই, এটা আসলে আমি বলে বুঝাতে পারব না, এটা আসলে অনুভূতির ব্যাপার। আর আমি মানুষ হিসেবে বেশ অনুভূতিপ্রবণ। মানুষ ফ্রি টাইমে সিনেমা দেখে, আর আমি ফ্রি টাইম পেলে অন্য কাজ করি(হাসি)। মানুষ সিনেমা দেখে আর আমি সিনেমা খাই- এটা বলতে আমি ভালোবাসি (হাসি)। ২০১২ থেকে এখন পর্যন্ত প্রতিদিন রাতে আমি একটি করে সিনেমা দেখি। শুধু এক্সামের সময় সিনেমা দেখতাম না কারণ পাশ না করলে তখন সবচেয়ে প্রিয় সিনেমা দেখলেও সেটাকে আবর্জনা মনে হবে(হাসি) এক্সামের কারণে কোন সময় মিস গেলে একদিনে টানা ৫টা সিনেমা দেখার রেকর্ডও আছে আমার। এতকিছু জানিনা আসলে, সিনেমা ভাল্লাগে, সব ধরনের সিনেমা দেখি। বেশি ভাল সিনেমা দেখলে আশেপাশের মানুষদের বিরক্ত করে ফেলি সেই সিনেমা দেখানোর জন্য, কোন এক বিচিত্র কারণে তারা আমার এই অত্যাচার মুখ বুজে সহ্য করে। সিনেমা ভালোবাসি- ব্যস!

প্রশ্ন: নতুন লেখকদের জন্য বর্তমান বাজারটা কতটা চ্যালেঞ্জিং?

সাকিব: বেশ চ্যালেঞ্জিং। বই পড়ার মানুষের সংখ্যা অনেক কমে গেছে আমার মতে। দুই লাইনের ফেসবুক স্ট্যাটাস ২০০ পৃষ্ঠার বই পড়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। অথচ বই না পড়লে কিচ্ছু হবেনা। কল্পনা নামের জিনিসটাই আসবে না। আমি এখনও প্রতি রাতে এক পৃষ্ঠা বই না পড়ে  ঘুমালে আমার অস্থির লাগে। একদিন বই না পেয়ে লণ্ড্রীর কাগজের বিল পর্যন্ত পড়েছিলাম, এরপরেও ঠিকই পড়েছিলাম (হাসি) তবে অনেক ভালো লেখক আসছেন বর্তমানে। তাদের লেখা পাঠক পড়ছে, ফেসবুকে সেটা নিয়ে লিখছে, বইয়ের অনেক গ্রুপ আছে ফেসবুকে। এগুলো তো আশাবাদী করে। পিডিএফও পড়ে অনেকে। যেটাই পড়ুক আর যেভাবেই পড়ুক, বইটা যেন পড়ে মানুষ। আর লেখক হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মতে প্রচুর বই পড়া আর নিজের লেখা দিয়ে পাঠককে আটকে রাখা। ভাল লেখক হতে হলে প্রচুর পড়াশুনার কোন বিকল্প নেই, সেটা সিনেমার বই হোক আর উপন্যাস হোক

প্রশ্ন: ১০ এর মধ্যে নিজেকে লেখক হিসেবে রেট করুন।

সাকিব: এখনও সময় আসে নি নিজেকে রেট করার, কোনদিন আসলে করে ফেলব। আর পাঠকরাই রেট করবে বই পছন্দ করলে। ১ থেকে ১০ এর মাঝের মাত্র ১০ টি নম্বরে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইনি কখনও। নম্বরের ঊর্ধ্বে কিছু থাকলে সেখানে যেতে চাই, সেখানে নিজের রেটিং দেখতে চাই।

প্রশ্ন: সবশেষে সেই তথাকথিত প্রশ্ন দিয়ে শেষ করি, পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন।

সাকিব: বই পড়ুন। সব ধরনের বই পড়ুন। বই পছন্দ হলে মানুষকে জানান, পড়তে উৎসাহিত করুন। বই পছন্দ না হলে অবশ্যই যৌক্তিক সমালোচনা করুন। সিনেম্যান আশা করি আপনাদের ভাল্লাগবে। এতটুকু বলতে পারি, কেও ‘বোরিং’ বলতে পারবেন না সিনেম্যান পড়ার পরে। আর নারীবাদী পাঠকদের রাগ করার কিছু নেই। সিনেম্যান নামে শুধু ‘ম্যান’ আছে বলে এই বইতে শুধু  অভিনেতাদের নিয়ে লেখা হয়নি, অভিনেত্রীদের নিয়েও লেখা হয়েছে। আর সিনেম্যান সাফল্য পেলে আশা করি ‘সিনেওম্যান’ ও আসবে সামনে (হাসি) সবাই ভাল থাকুন, ভালো রাখুন।

লেখকের অনুমতি ছাড়া সাইটে ব্যবহৃত সকল প্রকার লেখা পুনঃপ্রকাশ বেআইনি। জরুরী যোগাযোগে ইমেইলঃ altamishnabil@gmail.com

আরো পড়ুন...