প্যাডম্যানঃ সামাজিক ট্যাবু ভাঙ্গার গল্প

সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান নামক সুপারহিরোদের তো আমরা কমবেশী সবাই চিনি। কিন্তু হিরোর নাম যদি হয় “প্যাডম্যান” তবে ব্যাপারটা কেমন দাঁড়ায়! হলিউডের সুপারহিরোর কাল্পনিক শক্তিগুলোর কোনটিই প্যাডম্যানের নেই, তবে তার আছে রূঢ় বাস্তবতা ও ঘুনে ধরা সমাজের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত “প্যাডম্যান” মূলত বাস্তবিক এক ‘সুপারহিরো’কে নিয়ে বানানো চলচ্চিত্র। অক্ষয় কুমারের সহধর্মীনী টুইঙ্কেল খান্নার লেখা বই “দ্য লিঞ্জেন্ড অব লক্ষীপ্রসাদের” একটি ছোটগল্প থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি যেটি ভারতের তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানান্থাম নামক এক ব্যক্তির জীবন থেকে অনুপ্রাণিত। অরুণাচলম তার রাজ্যে সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য স্বল্পমূল্যে ঋতুস্রাবের ‘প্যাড’ নির্মাণ শুরু করেন এবং এটিকে একটি সামাজিক স্বীকৃতি দেন। ভারতের প্রত্যন্ত গ্রামের রক্ষণশীল সমাজে তার এই সাহসী অবদানের জন্য তিনি সাম্প্রতিককালে পৃথিবীর ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নেন। এছাড়াও ২০১৬ সালে ভারতের রাষ্ট্রীয় পদক পদ্মশ্রীতে ভূষিত হন সমাজ বদলে দেয়া এ সত্যিকারের নায়কটি। মুরুগানান্থামের ভূমিকাতেই সেলুলয়েডের পর্দায় দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। গত ৯ ফেব্রুয়ারী মুক্তি পেয়েছে বলিউডের এই ছবিটি।
বাস্তবের সুপারহিরোরা হয়ই একটু পাগল! ছবির এই ট্যাগলাইনের সাথে কেন্দ্রীয় চরিত্র লক্ষ্মীকান্ত চৌহানের সিকিভাগই মিল বিদ্যমান। তা নাহলে কি ভারতের মধ্যপ্রদেশের এমন রক্ষণশীল সমাজে মেয়েদের পিরিয়ড নিয়ে সৃষ্ট সমস্যাগুলো অনুধাবন করে সেটার সমাধানে অনবরত নানা গবেষনা চালানোর কথা মাথায় আনতে পারে কেউ! জরিপে দেখা গেছে, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন এর চড়া মূল্যের কারনে সমগ্র ভারতে মাত্র ১২ শতাংশ মহিলা স্বাস্থ্যসম্মত ন্যাপকিন ব্যবহার করতে পারে। বাকীরা পিরিয়ডের দিনগুলোতে অস্বাস্থ্যকর নোংরা কাপড়, মাটি, পাতা, ঘাস, রান্নায় ব্যবহৃত ছাই পর্যন্ত ব্যবহার করে। আর এ কারনে বন্ধ্যাত্ব থেকে শুরু করে নানা জটিল রোগ এমনকি প্রাণনাশ পর্যন্ত ঘটে থাকে। বিয়ের পর ছবির কেন্দ্রীয় চরিত্র লক্ষীকান্ত (অক্ষয়) তার স্ত্রী গায়ত্রীকেও (রাধিকা আপ্তে) পিরিয়ডের সময়ে এসব অস্বাস্থ্যকর জিনিস ব্যবহার করতে দেখে। ব্যাপারটা লক্ষীকান্তকে ভীষণ রকমের নাড়া দেয়। আস্তে আস্তে সে সস্তায় স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বানানোর কৌশল বের করতে শুরু করে এবং কাউকে দিয়ে তার বানানো জিনিসগুলো ব্যবহার পরীক্ষা করতে না পেয়ে শেষমেষ তিনি সিদ্ধান্ত নেন নিজেই এই প্যাড পরে পরীক্ষা করবেন! পিরিয়ড নিয়ে প্রকাশ্যে কথা বলার দরুন লক্ষ্মীকান্ত সমাজচ্যুত হয়, তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তাও দমে যাননি লক্ষ্মীকান্ত।
চিনি কম, পা কিংবা শামিতাভ এর মত ব্যতিক্রমধর্মী সিনেমা বানানো পরিচালক আর বালকি প্যাডম্যান ছবিতেও তার স্বাক্ষর বজায় রেখেছেন। অন্যদিকে বহুমুখী সব চরিত্রাভিনয়ের মাধ্যমে দিনকে দিন নিজেকে ছাড়িয়ে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। প্যাডম্যান নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম সিগনেচার কাজ হয়ে থাকবে। প্রধান পাশ্ব চরিত্র রাধিকা আপ্তের নির্লিপ্ত অভিনয় মনে দাগ কেটে থাকবে বহুকাল। অতিথি চরিত্রে সোনাল কাপুর ও অমিতাভ বচ্চন ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছে। ছবির সোজা সাপটা ও সহজবোধ্য সংলাপ প্রশংসার দাবী রাখে।
ছবির প্রচারে অভিনব পন্থার অবলম্বন করেন ছবিটির বিপণন টিম। হাতে স্যানিটারী ন্যাপকিন নিয়ে সেলফি তুলে সেটি ‘প্যাডম্যান চ্যালেঞ্জ’ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমে সেটি পোষ্ট করতে হবে এবং পোষ্টটিতে আপনার পছন্দের অন্যদের ট্যাগ করতে হবে যাদেরকেও অংশ নিতে হবে অনুরুপ কাজে। ভারতের সাধারন মানুষ ছাড়াও ছবি প্রচারের এমন অভিনব ক্যাম্পেইনটিতে অংশ নিয়েছেন আমির খান থেকে শুরু করে সোনাম কাপুর, দীপিকা, আনুশকা, মাধুরী, করন জোহর, অনিল কাপুর, ফারহান আখতার, বিরাট কোহলী, কারিশমা কাপুরের মত বাঘা বাঘা তারকারা। অন্যদিকে বিতর্ক পিছু ছাড়েনি ছবিটিকে। ‘ঐতিহ্য এবং সংস্কৃতি বিরোধী’ আখ্যা দিয়ে পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে প্যাডম্যান।
এতকিছু ছাপিয়ে প্যাডম্যান সামাজিক ট্যাবু ভাঙ্গার গল্প। ছবির প্রচারে স্যানিটারী ন্যাপকিন হাতে নিয়ে জনসাধারনের সামাজিক মাধ্যমে অংশগ্রহন, মুক্তির প্রথম দু’দিনেই প্রাউ ২৪ কোটি রুপির ব্যবসা সেটিই প্রমান করে। পিরিয়ডকে বা ঋতুকালীন সময়টাকে ঘিরে যেসব কুসংস্কার রয়েছে তা দূর করে এটাকে সামাজিক স্বীকৃতি দেয়াটাই ছিলো প্যাডম্যানের লক্ষ্য এবং তাতে সত্যিকারের প্যাডম্যান অনেকটাই সফল। এবার অপেক্ষা পর্দার প্যাডম্যানের বক্স অফিসের ব্লকবাষ্টার সাফল্য দেখার।

আর্টিকেলটি দৈনিক ভোরের কাগজে পূর্বপ্রকাশিত

লেখকের অনুমতি ছাড়া সাইটে ব্যবহৃত সকল প্রকার লেখা পুনঃপ্রকাশ বেআইনি। জরুরী যোগাযোগে ইমেইলঃ altamishnabil@gmail.com

আরো পড়ুন...